গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, দৈনিক নয়া বাংলা সম্পাদক জেড এম এনায়েত উল্লাহ এবং দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক ওমর কায়সার।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একসময় নীপিড়িত- নির্যাতিত এবং অবহেলিত দেশ থাকলেও বর্তমানে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। পৃথিবীর বিভিন্ন ক্ষমতাধর রাষ্ট্রও এখন বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে। মাননীয় প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হওয়া খুব দূরে নয়। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করেন।
এ সময় সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, স্থায়ী সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত, নির্মল চন্দ্র দাশ, মো. শহীদুল ইসলাম, প্রদীপ নন্দী, বিশ্বজিৎ বড়ুয়া, দেব প্রসাদ দাস দেবু, কামাল উদ্দিন খোকন, গোলাম মাওলা মুরাদ’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।