চট্টগ্রামের সিনিয়র ভিডিও জার্নালিস্ট ও টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু আর নেই। বৃহস্পতিবার রাতে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
শামসুল ইসলাম বাবু দীর্ঘদিন বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ২৪-এর সিনিয়র ভিডিও জার্নালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চ্যানেল আইতে কর্মরত ছিলেন। কর্মজীবনে দীর্ঘ সময় ধরে ক্যামেরা কাঁধে নিয়ে সংবাদ সংগ্রহে মাঠে ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার জুমার নামাজের পর নগরীর ব্যাটারি গলি মোড় সংলগ্ন বায়তুল আজিজ জামে মসজিদের মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু
সুফিয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন, সিনিয়র সাংবাদিক ম. শামসুল ইসলাম,সিনিয়র সাংবাদিক মোস্তাক আহমেদ,
চ্যানেল ২৪-এর আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর ব্যুরো প্রধান আলমগীর সবুজ,এখন টেলিভিশন এর ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, এনটিভির সিনিয়র করসপনডেন্ট আরিচ আহমেদ শাহ,
নিউজ২৪-এর সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া জয়, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান, টিসিজেএ সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিবসহ টিসিজেএর সকল সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান সহকর্মী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মৃত্যুকালে শামসুল আলম বাবু স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।