২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়৪১৫ জন যাত্রী নিয়ে উড়াল দিলো প্রথম হজ ফ্লাইট

৪১৫ জন যাত্রী নিয়ে উড়াল দিলো প্রথম হজ ফ্লাইট

৪১৫ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে প্রথম হজ ফ্লাইট ঢাকা ছেড়েছে। রোববার (২১ মে) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
এ ফ্লাইটে ৪১৯ জন থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪১৫ জন উড়াল দেন। ফ্লাইটটি সৌদির স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে, আজ বিমানের আরও ৪টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করবে।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। এর মধ্যে ১৬২টি ফ্লাইটে ৬১ হাজার যাত্রী নেবে বিমান বাংলাদেশ। এছাড়া ৫৩টি ফ্লাইটে ফ্লাইনাস এয়ারলাইন্স নেবে ২০ হাজার এবং ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার হজ যাত্রী পরিবহন করবে সৌদি এয়ারলাইন্স।
হজক্যাম্পের পরিচালক বলেন, এবার সৌদি-পর্বের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরেই হবে। ফলে জেদ্দায় বিমান থেকে নেমে যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই হোটেলে যেতে পারবেন।

তিনি বলেন, আশকোনা হাজ ক্যাম্পে ২৪টি শীততাপ নিয়ন্ত্রিত ডরমেটরিতে হজ যাত্রীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত চলবে হজ ফ্লাইট। ঢাকার হজযাত্রীদের ফ্লাইটের ৭ ঘণ্টা আগে এবং ঢাকার বাইরের হজযাত্রীদের অন্তত তিন দিন আগে হজ ক্যাম্পে হাজির হতে বলা হয়েছে।

সর্বশেষ