২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশডালাসে ফোবানা সম্মেলন উদ্বোধন

ডালাসে ফোবানা সম্মেলন উদ্বোধন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে শুক্রবার থেকে শুরু হয়েছে উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন। ডালাসে শহরের ইরভিং কনভেনশন সেন্টারে ৩৭তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এর সভাপতি ও ৩৭তম ফোবানা সম্মেলনের আহ্বায়ক হাসমত মবিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরভিং সিটির মেয়র রিক স্টোফার ও আবু বকর হানিফ।

অনুষ্ঠানের শুরুতেই বান্টের শিল্পীরা বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার (তিন দেশের) জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সম্মেলন রোববার পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে অনুষ্ঠানে শতশত সংস্কৃতিপ্রেমীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। রাত সাড়ে ৮টার দিকে মিলনায়তনে গত ৩৬ বছরের ফোবানার ইতিহাস সম্বলিত একটি ভিডিও প্রদর্শন করা হয়। এরপর বান্টের শিল্পীরা পরিবেশন করেন কোরাস গান, ড্যান্স ড্রামা। ওয়াশিংটন ডিসি’র কালচারাল গ্রুপ তাদের পরিবেশনা তুলে ধরেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শাফিন আহমেদ, কনক চাঁপা, আজরিন, লিপি হোসেন, স্বপ্নিল সজীব। স্থানীয় শিল্পীদের মধ্যে গান গেয়ে শোনান ফরিদা খান, নাবিলা রিফাত, লাজ, দিনা সামাদ ও ইশান গিবরান।

 

 

ডালাস ফোবানার আয়োজকরা জানান, শনিবার সম্মেলনে অন্যান্য আয়োজনের পাশাপাশি ছিল বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আলোচনা, বিষয়ভিত্তিক সভা-সেমিনার, ব্যবসা-বাণিজ্য বিষয়ক আলোচনা, বইমেলা, প্রবাসী কবি সাহিত্যিকদের কাব্য জলসা, ব্যান্ড শো, গীতি নাট্য, ফ্যাশন শো, ইয়ুথ ফোরাম ও শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান। এছাড়া উত্তর আমেরিকার কবি সাহিত্যিকদের কাব্য জলসা, নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত বিশেষ সেমিনার এবং দেশে ব্যবসার উন্নয়ন ও আমদানি-রপ্তানির ওপর সেমিনার। শনি ও রোববারের শিল্পীদের তালিকায় রয়েছেন মিতালী মুখার্জী, ইমরান, কনা, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, মুজা, নির্ঝর, রোমেল আহমদ ও মোমোসহ প্রায় ৫০ জন শিল্পী।

এছাড়া উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি ব্যাবসায়ী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ, অভিবাসন সংক্রান্ত আইন নিয়ে আলোচনা, প্রবাসী বাঙালি সমাজে অবদান রক্ষায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা পুরস্কার প্রদানসহ আকর্ষণীয় আয়োজন।

সম্মেলনে যোগ দিতে টেক্সাস অঙ্গরাজ্যের নানা প্রান্ত থেকে এবং বিভিন্ন অঙ্গরাজ্যে থেকে অনেকেই হাজির হন সম্মেলনস্থলে। অনুষ্ঠানে স্বাগতিক সংগঠন বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এর পক্ষে স্বাগত বক্তব্য দেন ৩৭তম ফোবানা সম্মেলনের আহবায়ক হাসমত মবিন, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. আহসান চৌধুরী হিরো, নির্বাহী সচিব নাহিদুল খান সাহেল, ৩৭তম ফোবানা সম্মেলনের আহবায়ক সদস্য সচিব শাম সুদ্দোহা সাগর প্রমুখ।

সর্বশেষ