
অধ্যাপক আলী রীয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার করতে ৬টি কমিশন গঠন এবং সেইসব কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। তাতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। তবে বুধবার পাঠানো চিঠিতে প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করে কমিশন গঠনের জন্য অনুশাসন প্রদান করেন।
রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।এব্যাপারে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অধ্যাপক শাহদীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করা হয়েছে।


