১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশচট্টগ্রামে বৈশাখী শোভাযাত্রায় বর্ণিল বর্ষবরণ

চট্টগ্রামে বৈশাখী শোভাযাত্রায় বর্ণিল বর্ষবরণ

অনলাইন ডেস্ক

নতুন বছরের প্রথম সূর্যের আলো ফুটতেই উৎসবের রঙে রাঙা হয়ে উঠেছে বন্দরনগরী চট্টগ্রাম। বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর বর্ষবরণ। সকাল থেকেই নগরের বিভিন্ন প্রান্তে মানুষের ঢল নামে, ছড়িয়ে পড়ে আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয় বৈশাখী শোভাযাত্রা। সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গিয়ে শেষ হয় ডিসি হিল-এ। এতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।

সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে সিআরবি শিরিষতলা, শহীদ মিনার ও ডিসি হিল এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। লাল-সাদা পোশাকে সেজে পরিবার-পরিজন নিয়ে বের হন নগরবাসী।

শোভাযাত্রা শেষে ডিসি হিল প্রাঙ্গণে শুরু হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সময়ে সিআরবি শিরিষতলায়ও চলছে গান, নৃত্য ও লোকজ পরিবেশনা।

আলপনায় সেজেছে নগর কাজীর দেউড়ি থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা হয়েছে বর্ণিল বৈশাখী আলপনা। এই রঙিন সজ্জা উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া সংস্কৃতিকর্মী সাদিকুল ইসলাম বলেন, করোনা মহামারি ও রমজানের কারণে কয়েক বছর বৈশাখের আয়োজন সীমিত ছিল। এবার তাই সবার আগ্রহ ও অংশগ্রহণ বেশি।

বর্ষবরণ উপলক্ষে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে ডিসি হিল ও সিআরবি এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব—এ উৎসব যেন নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন করা যায়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে৷

সর্বশেষ