৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে: মির্জা ফখরুল...

তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনলাইন ডেস্ক

তরুণদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকলেও তরুণদের শক্তি ও পরিকল্পিত উদ্যোগই বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।’

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। অর্থনৈতিক নানা সমস্যা থাকলেও তরুণদের অদম্য শক্তিই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা অন্যতম। তবে চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনাও অনেক। পরিকল্পিতভাবে সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।’

রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘ধৈর্য, পরিকল্পনা এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। দেশকে এগিয়ে নিতে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। মেধাবীরা সব ক্ষেত্রেই ভালো করছে এবং সরকার যোগ্যদের মূল্যায়নে কাজ করছে।’

সরকারের আর্থিক সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।’

সর্বশেষ