বুধবার নবনির্বাচিত (২২তম) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাবেন। রাষ্ট্রপতির এ সফর উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির এ সফরকে ঘিরে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সে ধোয়া-মোছাসহ উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সমাধি সৌধ কমপ্লেক্সসহ আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানিয়েছেন, আগামী বুধবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসবেন। এরপর রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে তিনি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হবে।


