স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আপনারা কোনক্রমেই আধুনিক প্রযুক্তির অপব্যবহার করবেন না। সেজন্য আমাদের আইন রয়েছে, যারা অপব্যবহার করবেন তাদের আইনের মুখোমুখি হতে হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা কেউ ভুয়া নিউজ করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবে না। আপনাদের বিবেক যেটা বলে সেটাই আপনারা চর্চা করবেন।
শনিবার কুমিল্লার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলে স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা পেশিশক্তির প্রতিবন্ধকতাকে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে। কে কী বললো- এগুলোতে কাজ হবে না।
আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সব উপদেশ দিয়ে থাকেন। এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার পরামর্শ শতভাগ কাজে লেগেছে।
তিনি বলেন, সবাই মনে করবেন আমরা একটা অবস্থান থেকে বেহেস্তের বাগানে প্রবেশ করেছি। আমরা সেই জায়গাটিতে পরিপূর্ণভাবে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী একক নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন রয়েছে এই চান্দিনার। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।
আসাদুজ্জামান খান বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ করবেন, তখন অনেকেই হাসছিলেন। আজকে তার সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলে সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সিটিজেন প্রয়োজন। আর স্মার্ট ইকোনমিক গড়ে তুলতে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মতো বিশ্ববিখ্যাত চিকিৎসকও গড়ে তুলতে হবে।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধুমাত্রই শেখ হাসিনা। এ সময় তিনি আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকার গঠনের জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুঃ আসাদুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান, থানা অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন, সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ।


