সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন খান দুলু পাঠান ওরফে ফারুক। আগামীকাল (১৬ মে) তার লাশ দেশে পৌঁছাবে। ঢাকায় নায়ককে শ্রদ্ধা জানানোর পর তাকে নিয়ে যাওয়া হবে গাজীপুরের কালীগঞ্জ। সেখানে বাবার কবরের পাশে শায়িত হবেন ফারুক।
সোমবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ফারুকের ভগ্নীপতি বীর মুক্তিযোদ্ধা কে.বি.এম মফিজুর রহমান খান।
তিনি বলেন, জীবিত অবস্থায় ফারুক অসিয়ত করে গেছেন। মৃত্যুর পর যেন তাকে পারিবারিক কবরস্থানে তার বাবা আজগর হোসেন পাঠানের কবরের পাশে শায়িত করা হয়।
নায়ক ফারুকের বাবা আজগর হোসেন পাঠান উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে শায়িত আছেন। সেখানেই ফারুকের মরদেহ দাফন করা হবে।
মৃত্যুকালে ফারুকের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ পাঠান, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন। তার প্রথম নামাজে জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ মে) ভোরে তাঁর মরদেহ দেশে আনা হবে।


