স্বরাষ্ট উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা আইনশৃঙ্খলার অবনতি করবে তাদের ছাড় দেওয়া হবে না। ২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে রাঙামাটিতে সংঘাতের ঘটনা নিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট উপদেষ্টা আরও বলেন, যে সংঘাতের ঘটনা ঘটছে তার জন্য তদন্ত কমিটি গঠন করা হবে। তিনি ভবিষ্যতেও গণমাধ্যম কর্মীদের পাশে থাকার অনুরোধ জানান।
রাঙামাটিতে সংঘাতের ঘটনায় পরিবহন ভাঙচুর এবং চালকদের মারধরের প্রতিবাদে শনিবার সকাল থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরে ১৪৪ ধারা জারি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, বিজিবি মোতায়েন রয়েছে।
সংঘাতের ঘটনায় সকাল থেকে তিন পার্বত্য জেলার সড়ক ও নৌপথে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে।
খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে রাঙামাটিতে সংঘাত হয়। এতে একজন নিহত এবং অর্ধ শতাধিক লোক আহত হয়। যানবাহন ভাঙচুর, মসজিদ, বৌদ্ধ বিহারে হামলা ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


