মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি হাতে আটক ৫ বাংলাদেশি জেলেকে মুক্ত করে আনলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯ অক্টোবর দুপুরে মিয়াননমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি এই ৫ জেলেকে বিজিবির কাছে হস্তান্তর করে। গত ৭ অক্টোবর টেকনাফের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকা থেকে এই ৫ জন বাংলাদেশি জেলেকে একটি ট্রলারসহ আটক করে আরাকান আর্মি। মাছ ধরার উদ্দেশ্যে নাফ নদীতে গিয়ে ভুল করে ওই ৫ জেলে মিয়ানমারের জলসীমা কাইং চং এলাকায় স্থানে ঢুকে পড়ে।
বিজিবিএমএস টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ জানান, এই খবর জানতে পেরে বিজিবি আরাকান আর্মির সাথে আন্তরিক যোগাযোগ করে ৫ জেলেকে ফেরত আনে। এই ৫ জেলে হলেন, টেকনাফের শাহপরীরদ্বীপের আব্দুর রহিমের ছেলে মোঃ আলম (২২), আব্দুল মজিদের ছেলে মোঃ রাসেল মিয়া (২৩) ও মোঃ সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলাম এর ছেলে মোঃ বোরহান উদ্দিন (১৯) এবং খোরশেদ আলমের ছেলে মোঃ রাশেদ (২৪)। তিনি আরো জানান, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা প্রস্তুত রয়েছে।
২০১৭ সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার পর থেকে নাফ নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশের জেলেরা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রায় সময় নাফ নদীতে মাছ ধরতে যায়। এ ব্যাপারে বিজিবি বাংলাদেশি জেলেদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে।
আরাকান আর্মির হাতে আটক ৫ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি
অনলাইন ডেস্ক


