১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজানা-অজানাবাংলা নববর্ষকে ঘিরে ইলিশের দাম চড়া

বাংলা নববর্ষকে ঘিরে ইলিশের দাম চড়া

বাঙালির নববর্ষ এসেই গেল। বর্ষবরণে আনুষ্ঠানিকতা ও আয়োজনের কমতি থাকে না। রমজান মাস চলছে, তারপরও পহেলা বৈশাখ ঘিরে আবেগ তো থাকবেই। রোজার কারণে উৎসবে জমকালো ভাব না থাকলে ইলিশ দিয়ে রসনাতৃপ্ত করতে চাইবেন অনেকেই।
এখন ইলিশের ভরা মৌসুম নয়। তারপরও সাগর থেকে আসছে সীমিত পরিমাণে ইলিশ। চট্টগ্রামের ফিশারিঘাটসহ বড় বাজারগুলোতে ইলিশের প্রবাহ খুব বেশি নেই। অল্প কিছু দেখা গেলেও কদিন আগে তেমন বিক্রি দেখা যায়নি। কিন্তু এখন হঠাৎ করে ইলিশের কদর। কারণ সামনেই পয়েলা বৈশাখ। ইলিশ খেতেই হবে এমন নয়, তবে বছরের প্রথম দিনটিকে জাতীয় মাছ ইলিশ দিয়ে বরণ করার একটি প্রবণতা রয়েছে বাঙালির।

চট্টগ্রামের ফিশারিঘাট, রাশমনিঘাটসহ বিভিন্ন ঘাটে প্রতিদিনই সাগর থেকে এসে ভিড়ছে ট্রলার ও মাছ ধরার ইঞ্জিনবোট। প্রতিটি নৌকায় বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এ মৌসুমে সাধারণত ইলিশ কমই ধরা পড়ে থাকে। ফলে রুপালি উৎসব এখনই নয়। কিন্তু ইলিশ যেন এখনই প্রয়োজন হয়ে পড়েছে। এর কারণ আসছে ১৪৩০ বঙ্গাব্দ। আর মাত্র তিনদিন বাকি। চট্টগ্রাম মহানগর মৎস্য আড়তদার সমিতির সভাপতি শামসুল আলম অন্যসময়কে জানান, সাগরে বড় জাল এখনও নামছে না। ইলিশ সাধারণত গভীর সাগরে থাকে, যেখান থেকে ধরা পড়ে বড় আকারের জালে।

ছোট ও মাঝারি সাইজের জালগুলোতে অন্যান্য মাছের সঙ্গে কিছু ইলিশ আসছে। পরিমাণে তা বেশি নয়। তবে পয়লা বৈশাখ এসে পড়ায় হঠাৎ করে ইলিশের চাহিদা বেড়েছে। চাহিদা বৃদ্ধির বিপরীতে ধরা কম পড়ায় দাম কিছুটা বেশি। এখন গড়ে ৪০০ গ্রাম ওজনের ইলিশ প্রতিমণ ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। তিনি জানান, ঈদের পর থেকে জালে ইলিশ বেশি ধরা পড়বে। তখন দামও কমে আসবে।

সর্বশেষ