২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবররাফেলসজ্জিত পোশাক

রাফেলসজ্জিত পোশাক

ফ্যাশনের একটি প্রচলিত নিয়ম হচ্ছে প্রতি দশকে একটি বিশেষ ট্রেন্ড তৈরি হয়। যেমন সত্তরের দশকে প্ল্যাটফর্ম শু, আশির দশকে শোল্ডার প্যাডেড ড্রেস আর নব্বইয়ের দশকে চেইনমেল পোশাক ছিল ট্রেন্ডি, তেমনই পনেরো শতকে জার্মানে প্রথম শুরু হয় রাফেলসজ্জিত পোশাকের ট্রেন্ড। বহু বছর ধরে পোশাক থেকে শুরু করে গৃহসজ্জায়ও রাফেলের ব্যবহার দেখা যায়।  আর তাই নিয়ে লিখেছেন ফ্লোরিডা শুভ্রা রোজারিও

রাফেল আসলে কী? রাফেল বা ফ্রিল হলো পোশাকে ব্যবহার করা এক ধরনের প্যাটার্ন। এর ব্যবহারে পোশাকে আলাদা ভ্যালু বা মাত্রা যোগ হয়। ফেব্রিকের স্ট্রিপ, লেইস বা ফিতা শক্তভাবে এক প্রান্তে একসঙ্গে ভাঁজ বা প্লিট করে সেলাইয়ের মাধ্যমে নকশা তৈরিই হলো রাফেলের কাজ। যুগ যুগ ধরে এর ব্যবহার দেখা গিয়েছে নানা ধরনের পোশাকে।

বাড়তি আকর্ষণ যোগ করতে পোশাকের কলার, হাতায় বা হেমলাইনে রাফেল দেওয়া হয় নানা কায়দায়। টপ থেকে শুরু করে প্যান্ট—এমনকি অন্তর্বাসেও রয়েছে রাফেলের কারুকাজ। তবে গাউন ও স্কার্টে রাফেলের কারিশমা সবচেয়ে বেশি চোখে পড়ে।

এ ছাড়া শাড়িতে যোগ হওয়া রাফেলও কিন্তু বেশ আকর্ষণীয়। সৌন্দর্য বাড়াতে পোশাক, বিছানা বা অন্যান্য টেক্সটাইলে এটি করা হয়।

কোথায় কেমন

নেকলাইন বা স্কার্টের নিচের অংশ বরাবর রাফেলসহ পোশাকগুলো সবচেয়ে ক্লাসি লুক দেয়। রাফেল বসানো হাতা বা স্কার্টের হেমের ওপরেও রাফেল বেশ সুন্দর আবেদন তৈরি করে। পোশাকটি কোথায় পরবেন, তার ওপর নির্ভর করে কোন কাটটি সবচেয়ে উপযুক্ত।

যেমন ডেট নাইট ও পার্টির জন্য অফ দ্য শোল্ডার কাট আলাদা আবেদন যোগ করবে। অন্যদিকে ভ্রমণ, ব্যবসায়িক ডিনারের মতো জায়গায় রক্ষণশীল কাটের রাফেলসজ্জিত পোশাক বেছে নেওয়া ভালো। যদি বিয়ে বা ব্রাইডাল শাওয়ারে রাফেল পোশাক পরার পরিকল্পনা থাকে, তবে বেছে নিন বিলাসবহুল ফেব্রিক, যেমন সিল্ক বা টুইল। আর জন্মদিনের পার্টি বা পিকনিকে পরতে সুতি বা লিনেনের ফ্রিল দেওয়া পোশাক উপযুক্ত।

রাফেল ড্রেসের সঙ্গে বুট বেশ মানাবে। ফিগারকে আকর্ষণীয় করে তুলতে ফিট অ্যান্ড ফ্লেয়ার রাফেল পোশাক বেছে নিতে পারেন। ফিনিশিং টাচ হিসেবে এর সঙ্গে একটি বেল্ট যোগ করলে ভালো লাগবে। হাতে ক্লাচ আর রেট্রো গ্ল্যাম ভাইবের জন্য অনুষঙ্গ হিসেবে চোখে পরতে পারেন একজোড়া আধুনিক ক্যাট আই সানগ্লাস।

সর্বশেষ