
প্রহেলিকা’ সিনেমায় নাসির উদ্দীন খান হাজির হচ্ছেন জামশেদ চরিত্রে৷ প্রকাশ পেয়েছে তার নতুন ক্যারেক্টার লুক। দেখে রীতিমতো চমকে যাওয়ার মতো । একদমই ভিন্ন চরিত্রে দেখা মিলবে নাসির উদ্দীন খানকে চয়নিকা চৌধুরীর ঈদে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায়।
ওটিটির কল্যাণে নাসির উদ্দিন খানের মতো অভিনয়শিল্পীকে পেয়েছে বাংলাদেশের ইন্ডাস্ট্রি। কিন্তু এই অভিনেতার টাইপকাস্ট হয়ে যাওয়া নিয়ে হয়েছে বেশ আলোচনা। কিন্তু চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার এই পোস্টার আলোচনার সমাপ্তি ঘটিয়ে দিয়েছে বলা যায়। ওটিটিতে নাসির উদ্দীন খানকে যেসকল চরিত্রে দেখা গিয়েছে তার পরো উল্টো চরিত্রে দেখা যাবে তার অভিনীত নতুন সিনেমায়। শক্তিমান এই অভিনেতাকে এভাবে পাওয়া আসলেই দর্শক হিসেবে বিরাট প্রাপ্তির।
ঈদ উল ফিতরে শিহাব শাহীনের নির্মিত স্পিন-অফ সিরিজে ‘অ্যালেন স্বপন’ চরিত্রে দর্শকদের মাতিয়েছিলেন অভিনয় দিয়ে। এবারের ঈদে নাসির উদ্দীন খান পুরোদস্তুর সিরিয়াস এক ক্যারেক্টার প্লে করবেন পর্দায়। পোস্টারে তার লুক, গেটাপ এবং হাতের অঙ্গিভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে একজন সঙ্গীত অনুরাগী হিসেবে দেখা যাবে ‘প্রহেলিকা’ সিনেমায়। পোস্টারের পেছনে খাঁচায় বন্দী এক নারীর অবয়ব, সেই নারীর সাথে নাসির উদ্দীন খানের কী সম্পর্ক তা নিয়ে বাড়লো আগ্রহ।
ওটিটি ছাড়াও বড় পর্দায় নাসির উদ্দীন খান নিজের জাত চিনিয়েছেন অতীতে। রায়হান রাফির ‘পরাণ’ সিনেমায় পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করে পুরো সিনেমায় দর্শকদের মাতিয়ে রেখেছিলেন এই নাসির উদ্দীন খান। মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমায় ‘নাগু”চরিত্রে পারফরম্যান্স দর্শকদের নজর কেড়েছিল। নিজের অভিনীত নতুন সিনেমায় দর্শকদের কতটা মুগ্ধ করতে পারেন সেটাই দেখার অপেক্ষায়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক চয়নিকা চৌধুরী পরিচালিত এই সিনেমায় মাহফুজ আহমেদের সাথে জুটি বেঁধেছেন শবনম বুবলী। এতে আরও অভিনয় করেছেন নাসির উদ্দীন খান ছাড়াও রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু প্রমুখ।


