১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরদেশের অস্বচ্ছল রোগীদের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বিশেষ ছাড়ের সুযোগ

দেশের অস্বচ্ছল রোগীদের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বিশেষ ছাড়ের সুযোগ

মাসুদুল হক সুমন

বাংলাদেশের আর্থিকভাবে অস্বচ্ছল রোগীরা চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসার সুযোগ পাবেন বলে জানিয়েছেন অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের প্রধান নির্বাহী ইলান কুমারন।

গতকাল রোববার বন্দর নগরী চট্টগ্রামের জামালখান এলাকায় অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ের তথ্য কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তথ্য কেন্দ্রটির প্রধান রিফাত ফারুক বলেন, ‘রোগীদের অ্যাপোলো হাসপাতাল চেন্নাইয়ে চিকিৎসাসংক্রান্ত সব ধরনের তথ্য, ডাক্তার ও হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বিষয়ে সব ধরনের সহায়তা দেবে এই ইনফরমেশন সেন্টার।’

প্রধান নির্বাহী ইলান কুমারন বলেন, ‘অ্যাপোলো হাসপাতাল চেন্নাই সব ধরনের আধুনিক চিকিৎসা সম্বলিত একটি সমন্বিত হাসপাতাল। এখানে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিকমানের সর্বোচ্চ চিকিৎসাসুবিধা রয়েছে।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বাংলাদেশের আর্থিকভাবে অস্বচ্ছল রোগীদের জন্য চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসার সুবিধা থাকবে।’

বক্তারা আরও জানান, এই সেন্টারের মাধ্যমে স্থানীয় চিকিৎসক এবং মেডিকেল ভ্যালু ট্রাভেল (MVT) প্রফেশনালদের সঙ্গে সমন্বয় করে রোগীদের সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই ইনফরমেশন সেন্টারের মাধ্যমে রোগীরা অ্যাপোলো হাসপাতালের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, ভিসা সহায়তা এবং মেডিক্যাল সেকেন্ড ওপিনিয়নসহ নানা ধরনের সেবা পাবেন। এটি রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য গাইডলাইন হিসেবে কাজ করবে এবং উন্নত চিকিৎসা গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করবে।

পাশাপাশি নিয়মিত সিএমই (CME) সেমিনার ও রোগী সচেতনতা কার্যক্রম আয়োজনের মাধ্যমে চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হবে।এসময় চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফেরা এক রোগী তার অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনফরমেশন সেন্টারের সেন্টার হেড এবং ইউনিক হেলথকেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রিফাত ফারুক সহ স্থানীয় চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সর্বশেষ