
অনলাইন ডেস্ক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই জ্বালানি ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। গবেষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের কাজের সমন্বয় থাকা জরুরি। আগামী দিনের চাহিদা প্রাক্কলন করে পরিকল্পনা ও কার্যক্রম চালালে অবশ্যই সাফল্য পাওয়া যাবে। প্রতিমন্ত্রী গত ২৮ মার্চ বুয়েটে হাইড্রোকার্বন ইউনিট এবং বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের ‘জ্বালানি গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি’সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কারিগরি সংস্থা হিসেবে হাইড্রোকার্বন ইউনিট তেল ও গ্যাসের মজুদ এবং সম্ভাব্য উৎস নিরূপণ ও হালনাগাদকরণ; জ্বালানি সংক্রান্ত ডাটাবেসের হালনাগাদকরণ ও সম্প্রসারণ; উৎপাদন-বণ্টন চুক্তি এবং যৌথ উদ্যোগ চুক্তি বিষয়ে মতামত প্রদান; জ্বালানির অভ্যন্তরীণ ও আঞ্চলিক বাজার পর্যবেক্ষণ ও বিশ্লেষণ; তেল ও গ্যাসের অনুসন্ধান, উন্নয়ন ও উৎপাদনের পরিকল্পনা ও পর্যালোচনা; জ্বালানি খাতের সংস্কার বিষয়ে সুপারিশ করে।
প্রতিমন্ত্রী এ সময় বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান অবস্থা, ভর্তুকি, সেচ, হাইড্রোজেন ফুয়েল, ফসিল ফুয়েল, নবায়নযোগ্য জ্বালানি, এনার্জি ইকোনমিক্স ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মাঝে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, বুয়েটের উপ-উপাচার্য আব্দুল জব্বার খান, জ্বালানি ও টেকসই গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ফারসীম মান্নান মোহাম্মেদি ও হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক তাহমিনা ইয়াসমিন বক্তব্য রাখেন।


