কদিন আগেই পুড়ে ছাই হয়েছে ঢাকার বঙ্গবাজার। এবার ভয়াবহ আগুন লেগেছে রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
জানা গেছে, ভোরে লাগা আগুন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে। আগুন ক্রমশ পুরো নিউ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ছে। আগুনের সঙ্গে প্রচণ্ড ধোঁয়া তৈরি হয়েছে মার্কেটের দুই ও তিন তলায়। ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো নিউ মার্কেট এলাকা। আগুনের তাপে একের পর এক এসি বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য এখন কোনো ব্যবসায়ীকে মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা ঢাকা কলেজের পুকুর থেকে পানি ব্যবহার করছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। এরপর এক এক করে এখন পর্যন্ত ২৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সদস্যরা বলছে, বাতাসের কারণে বেশ ধোঁয়া হচ্ছে। এতে অন্ধকারে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে। আগুন কিছুটা কমে আসলেও আবার অন্যদিক থেকে বেড়ে যাচ্ছে। প্রচুর ধোঁয়া হচ্ছে।
আইএসপিআর জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সাহায্য করছে সেনাবাহিনী। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তবে তিনি বলছেন, আগুন সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হচ্ছে। তবে এ আগুন নির্বাপণ করতে আরও সময় লাগবে।
সকাল সোয়া ১০টার দিকে করা ব্রিফিংয়ে তিনি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ তাই আগুন পুরোপুরি নির্বাপণে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিং এর কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবাজারের মতোই এখানে আগুনের অবস্থা। যেকারণে এখানে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।
ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, ঢাকা নিউ সুপার মার্কেট এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন ভলান্টিয়ারসহ আমাদের ১২ জন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আমাদের মনযোগ আগুন নিয়ন্ত্রণের দিকে, জানমালের ক্ষতি যাতে না হয় সেদিকে। এক্ষেত্রে কাজ করতে গিয়ে ফায়ার ফাইটাররা আহত হয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট এখনো ঘটনাস্থলে কাজ করছে। আগুন পুরোপুরি নির্বাপণ হওয়া পর্যন্ত কাজ করবে ফায়ার কর্মীরা।
অন্যদিকে, আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ ১২ দমকলকর্মীসহ ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ দোকান কর্মচারীকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আগুনের ধোঁয়ায় তারা অসুস্থ হন বলে জানা যায়।
প্রসঙ্গত, আর মাত্র কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। রাজধানীর সবগুলো মার্কেটই জমজমাট বিকিকিনিতে। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। তেমনি নিউ মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সেহেরি খেয়ে যখনই ঘুমাতে যাবেন ঠিক তখনই খবর আসে আগুনের। অনেকে বলছেন, দোকানের মালামালের সঙ্গে সারা দিনের বেচাকেনার সব টাকা ক্যাশ বাক্সে রয়েছে। তাদের সব কিছু শেষ হয়ে গেল। ঈদের আগে আগে এরকম আগুন একেবারে পথে বসিয়ে দিয়েছে ব্যবসায়ীদের।
গত ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে রাজধানীর বঙ্গবাজার। এতে প্রায় ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন ব্যবসায়ীরা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটলো।


