পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের ইতিহাসে প্রথমবারের মতো চার দিনব্যাপী ঈদের বিশেষ অনুষ্ঠান প্রচার হতে যাচ্ছে। অনুষ্ঠানমালায় থাকছে তারকাবহুল ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার মেলা’। টেলিভিশন, চলচ্চিত্র ও গানের জগতের একঝাঁক জনপ্রিয় তারকা শিল্পীর অংশগ্রহণে ঈদের এ বিশেষ অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ৯টায়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় চিত্রনায়িকা সামসুন্নাহার স্মৃতি পরীমণি। চলচ্চিত্র ক্যারিয়ার জীবনে ম্যাগাজিন অনুষ্ঠানে এটিই তার প্রথম উপস্থাপনা। অনুষ্ঠানে থাকছে জননন্দিত চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং প্রার্থনা ফারদিন দীঘির একক ও দলীয় নাচের পরিবেশনা।
কোরিওগ্রাফি করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইভান শাহরিয়ার সোহাগ। অনুষ্ঠানে তারকা কণ্ঠশিল্পী পার্থ বড়–য়া ও নিশিতা বড়–য়া গাইবেন জনপ্রিয় গান ‘পেট ফুরেদ্দে তোয়ার লাই’। ফোক ও রক গানের সমন্বয়ে গান গাইবেন এ প্রজন্মের আলোচিত কণ্ঠশিল্পী তাসনিম আনিকা। তিনি গাইবেন ‘অলিরও কথা শুনে বকুল হাসে’ গানের মতো দর্শকনন্দিত গান।
অনুষ্ঠানে থাকছে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন কোরিওগ্রাফার লিটন দাসের পরিচালনায় জনপ্রিয় মডেলদের অংশগ্রহণে বিশেষ র্যাম্প শো। এ ছাড়া চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি তুলে ধরতে কয়েকটি সাংস্কৃতিক দলের সম্মিলিত পরিবেশনা থাকছে ঈদের এ বিশেষ অনুষ্ঠানে। পাশাপাশি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের শতাধিক সংবাদ পাঠক-পাঠিকা, ঘোষক-ঘোষিকা ও উপস্থাপক-উপস্থাপিকার সম্মিলিত কণ্ঠে দেশাত্মবোধক গান বিশেষ মাত্রা যোগ করেছে অনুষ্ঠানটিতে। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মো. তারিকুজ্জামান ও মো. জামাল উদ্দিন জয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন রনজু জানান, ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবীর একক সংগীতানুষ্ঠান ‘গানে গানে আনন্দ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রোমানা শারমিন। এদিন সন্ধ্যায় সাড়ে ৬টায় প্রচারিত হবে খ্যাতিমান রাজনীতিবিদদের নিয়ে ঈদের বিশেষ আয়োজন ‘ঈদ আড্ডা’। থাকছে ফ্যাশন ও ‘ঘুঙুর’সহ বেশ কিছু নৃত্যানুষ্ঠান।
ঈদের দ্বিতীয় দিন ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া (নদী) এবং অভিনেতা আরফানের বিশেষ নাটক ‘তেলেসমাতি’। বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে নাটক ‘বন্ধুভূত’। রাত সাড়ে ১০টায় গানে গানে অনুষ্ঠানে গাইবেন প্রখ্যাত বাউলশিল্পী ফরিদা পারভীন। এ ছাড়া থাকছে জাদুবিষয়ক অনুষ্ঠান ‘এক পলক’ এবং জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘ছায়াছন্দ’।
ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় প্রচারিত হবে আঞ্চলিক গানের বিশেষ অনুষ্ঠান ‘গহীনের গান’। হারানো দিনের গান নিয়ে বিকেল সাড়ে ৩টায় প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘এত সুর এত গান’। রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরীর একক সংগীতানুষ্ঠান। এ ছাড়া শিশুদের অংশগ্রহণে থাকছে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দ, এলো খুশির ঈদ’।


