মূল ক্যাম্পাস স্থানান্তর আন্দোলনের ১৮২ দিন পর অবশেষে ক্লাসে ফিরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তবে ক্যাম্পাসে ফেরার এক দফা দাবির আন্দোলন চালিয়ে যাবে তারা।
শিক্ষার্থীদের দাবি- প্রায় ছয় মাসের আন্দোলনে চারুকলা ইনস্টিটিউট প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থতার ভার শিক্ষার্থীদের ওপর চাপিয়েছে, তাদের একাডেমিক জীবন জরাজীর্ণ করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থী জহির রায়হান সাংবাদিকদের বলেন, ১৮২ দিন তথা ৬ মাসেও বিশ্ববিদ্যালয়ের মূল প্রাঙ্গণে ফেরানোর কোনো পদক্ষেপ নেয়নি চবি প্রশাসন। ইতোমধ্যে আমাদের সবাই একাডেমিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমরা সশরীরে ক্লাসে ফিরেছি। তবে আমরা আমাদের মূল দাবি থেকে ফিরে আসছি না এবং এক দফা দাবির আন্দোলন চলমান থাকবে।
প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি প্রয়োজন হয় আমরা আবারও সর্বসম্মতিক্রমে কঠোর আন্দোলনে যাব।
গত বছরের ২ নভেম্বর ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাসবর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে সেই ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়। আন্দোলনের মধ্যেই গত ২ ফেব্রুয়ারি সংস্কার কাজের জন্য চারুকলা ক্যাম্পাস ও হোস্টেল এক মাসের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর আরও দুই দফায় বাড়ানো হয় চারুকলা বন্ধের মেয়াদ। সর্বশেষ ২ মে খুলে দেওয়া হয় চবির এই ইনস্টিটিউটটি।


