
রেলপথ সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাউজান সংসদীয় আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র পরিচালনার অন্যতম শক্তি এবং জাতির পথ প্রদর্শক। চট্টগ্রাম প্রেস ক্লাব গণমাধ্যম কর্মীদের আবাসস্থল এবং সাধারণ মানুষের আস্থার ঠিকানা। এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে রাজনীতিবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। চট্টগ্রাম প্রেস ক্লাবকে স্বাবলম্বী করার ক্ষেত্রে প্রয়োজন সুচিন্তিত পদক্ষেপ। এক্ষেত্রে আমার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি বলেন, চট্টগ্রামকে পরিকল্পিত বিশ্বমানের শহরে উন্নীত করতে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। এক্ষেত্রে গণমাধ্যমের রয়েছে বিশেষ ভূমিকা। বর্তমান সরকারের আমলে অনেক প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কিন্তু আমাদের সমন্বয়হীনতা ও অসচেতনতার কারণে উক্ত প্রকল্পের পরিপূর্ণ সুফল লাভ করা সম্ভব হচ্ছে না।
গত ২২ জুন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ফজলে করিম চৌধুরী এমপি তার নগরীর বাসভবনে উক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু হলেও এখনো অনেকক্ষেত্রে ঢাকার ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা কমিয়ে চট্টগ্রামকে আগামী প্রজন্মের জন্য বসবাসউপযোগী করে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক’সহ নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নানা বিষয় সম্পর্কে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি’কে অবহিত করলে তিনি নানা পরামর্শের পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাবের কল্যাণে কাজ করার অভিমত ব্যক্ত করেন।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী এবং মঞ্জুরুল আলম মঞ্জু উপস্থিত ছিলেন।


