প্রতিবছরের মতো নগরের পাথরঘাটায় শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে কুমারী পূজার মধ্য দিয়ে চট্টগ্রামে শারদীয়া দুর্গাপূজার মহা অষ্টমীর নানা আয়োজন সম্পন্ন হয়। ১১ অক্টোবর শুক্রবার এ পূজা দেখতে ও অঞ্জলি দিতে ভক্ত অনুরাগীরা ভীড় করেন এ মন্দিরে।
কুমারী পূজার জন্য মাতৃভাবের পবিত্রতার প্রতীক হিসেবে এবছর কুমারী মায়ের আসনে বসানো হয়েছে ১০ বছর বয়সী প্রীত ধর ও ১১ বছর বয়সী শুভদ্রা বিশ্বাসকে। দুই জনের বয়স ১০ বছরের বেশি হওয়ায় অপরাজিতা নামে পূজিত হন তারা। শাস্ত্রমতে অপরাজিতা নামে পূজিত হলে অভীষ্ট সিদ্ধি লাভ করা যায়। প্রীত ধর সেন্ট স্কলাস্টিকাস স্কুলের তৃতীয় শ্রেণীতে এবং শুভদ্রা বিশ্বাস একই স্কুলের চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করছেন। পূজা কার্যক্রম পরিচালনা করেন শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্রীমৎ শ্যামল সাধু মোহন্ত মহারাজ।
এদিকে চট্টগ্রাম নগরের জেএম সেন হলের মণ্ডপে গান পরিবেশন করার ঘটনায় চট্টগ্রাম কালচারাল একাডেমির ছয় সদস্য ও পূজা উদযাপন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সজল দত্তের বিরুদ্ধে মামলা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় নগরের কোতোয়ালী থানায় মামলাটি করেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক সম্পাদক সুকান্ত বিকাশ মহাজন। মামলার আসামিরা হলেন, চট্টগ্রাম কালচারাল একাডেমির ৬ সদস্য শহীদুল করিম (৪২), মো. নুরুল ইসলাম (৩৪), আব্দুল্লাহ ইকবাল (৩০), রনি (২৮) ও গোলাম মোস্তফা (২৭) ও মো. মামুন (৩৬)। এর মধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শহিদুল ও নুরুল ইসলাম (৩৪)। শহিদুল নগরের তানজীমুল উম্মাহ মাদরাসা ও নুরুল করিম দারুল ইফরান একাডেমির শিক্ষক।
চট্টগ্রামে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ২ হাজার ৪৫৮টি মণ্ডপে। এর মধ্যে মহানগরে ২৯৩টি ও জেলার ১৫টি উপজেলায় পূজামণ্ডপ রয়েছে ২ হাজার ১৬৫টি। জেলার ১৫টি উপজেলায় ২ হাজার ১৬৫টি মণ্ডপের মধ্যে প্রতীমা পূজা ১ হাজার ৫৯৪টি বাকিগুলো ঘটপূজা। পূজামণ্ডপের মধ্যে আনোয়ারা উপজেলায়া ২৯৯টি, কর্ণফুলীতে ২৮টি, মিরসরাইয়ে ৯০টি, সীতাকুণ্ডে ৬৭টি, সন্দ্বীপ ৩০টি, ফটিকছড়িতে ১২৩টি, হাটহাজারীতে ১১৪টি, রাউজানে ২২৮টি, রাঙ্গুনিয়ায় ১৬১টি, বোয়ালখালীতে ১৪৬টি, পটিয়ায় ১৯৫টি, চন্দনাইশে ১২৮টি, সাতকানিয়ায় ১৮৪টি, লোহাগাড়ায় ১১১টি, বাঁশখালীতে ২৫০টি মণ্ডপে পূজা হচ্ছে।


