ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন বিষয়ক সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন (রিভিউ) করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৬ অক্টোবর বুধবার আইনজীবী জয়নুল আবেদীন ও মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে এই তথ্য জানান। এর আগে গত ২৫ আগস্ট পাঁচ বিশিষ্ট নাগরিকও রিভিউ চেয়ে আবেদন করেছিলেন।
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।


