নরেন আবৃত্তি একাডেমির ২৫ বছর পূর্তি এবং নাট্যদল প্রসেনিয়ামের ৬ বছরে পদার্পণ উপলক্ষে গত ২৬ ডিসেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা। সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলা এই আয়োজনে আবৃত্তি, নৃত্য, সংগীত, মুকাভিনয় ও স্মৃতিচারণে মুখরিত হয়ে ওঠে মুক্ত মঞ্চ। অনুষ্ঠানে কথামালা, একক ও বৃন্দ আবৃত্তি, দলীয় নৃত্য, একক সংগীত, গণসংগীত ও মুকাভিনয় পরিবেশিত হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হ্যাপী চৌধুরী ও ফারজানা মুনমুন। উপস্থাপনায় ছিলেন সালমান ওয়ালি, শিমলা দাশ গুপ্তা ও জয়শ্রী বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন নরেন আবৃত্তি একাডেমির সভাপতি নাদিরা ফেরদৌস মিতু। মিশফাক রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মুনির হেলাল, ফ্যাশন ডিজাইনার আইভি হাসান ও নাট্যজন মুহাম্মদ শাহ আলম। তাঁরা সংগঠন দুটির সাংস্কৃতিক অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পী রাশেদ হাসান ও মাহিদুল ইসলামসহ নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা। নৃত্য পরিবেশন করে বিভিন্ন নৃত্য প্রতিষ্ঠান। সংগীত পরিবেশন করেন অজয় চক্রবর্তী, প্রিয়ন্তী দাশ পৃথা, জয়শ্রী বড়ুয়া, ইন্দ্রিলা ঘরজা, বদরুল হাসান, আবুল হাশেম আজাদসহ অন্যান্য শিল্পীরা। মুকাভিনয় পরিবেশন করেন প্যান্টোমাইম মুভমেন্টের শিল্পী রিজোয়ান রাজন। অনুষ্ঠানের এক পর্যায়ে শিল্প নির্দেশক আজিজুল কদিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন নরেন আবৃত্তি একাডেমির পরিচালক মিশফাক রাসেল। অনুষ্ঠানে চট্টগ্রামের নাট্যজন, সংবাদকর্মী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।


