বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ভারতের ন্যাশনাল কংগ্রেস। দলটির সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই শোক জানান।
বার্তায় খাড়্গে বলেন, ‘ভারতীয় ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। দীর্ঘ জনজীবনে তিনি দেশের রাজনৈতিক যাত্রা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।’
তিনি আরও বলেন, ‘তার পরিবার, সমর্থক ও বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।


