
প্রয়াত অ্যাডভোকেট অপূর্ব লাল দে স্মরণে প্রকাশিত হয়েছে “স্মৃতির মণিকোঠায়: অ্যাডভোকেট অপূর্ব লাল দে স্মারক গ্রন্থ।”
গ্রন্থটি প্রকাশ করেছে অ্যাডভোকেট অপূর্ব লাল দে স্মারক গ্রন্থ প্রকাশনা পর্ষদ; সম্পাদনা করেছেন প্রয়াত অ্যাডভোকেট অপূর্ব লাল দে’র জ্যেষ্ঠ সন্তান সাংবাদিক ও গবেষক ড. অরুণ বিকাশ দে, যিনি বর্তমানে দ্য ডেইলি স্টার পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হিসেবে কর্মরত রয়েছেন।
গ্রন্থটির প্রচ্ছদ রচনা করেছেন শিল্পী ও সাংবাদিক আজিজুল কদির।
গ্রন্থটিতে প্রয়াতের বন্ধু, স্বজন ও গুণগ্রাহীদের লেখনীতে অ্যাডভোকেট অপূর্ব লাল দে’র বর্ণাঢ্য কর্মময় জীবনের এক খণ্ড চিত্র ফুটে উঠেছে। আইন পেশায় তাঁর সততা, সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং পরিবারের প্রতি তাঁর নিবিড় মমত্ববোধ–এই সবকিছুরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই গ্রন্থের প্রতিটি পাতায়।
গ্রন্থের সম্পাদক ও প্রয়াতের জ্যেষ্ঠ সন্তান ড. অরুণ বিকাশ দে বলেন, “এই গ্রন্থ প্রকাশের মূল উদ্দেশ্য হলো অ্যাডভোকেট অপূর্ব লাল দে’র আদর্শকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। যারা তাঁকে কাছ থেকে দেখেছেন, তাঁদের জন্য এটি যেমন নস্টালজিয়া বা স্মৃতিচারণের মাধ্যম, তেমনি যারা তাঁকে দেখেননি, তাঁদের জন্য এটি একজন আদর্শ মানুষের জীবন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ।”
অপূর্ব লাল দে’র জন্ম চট্টগ্রাম জেলার পটিয়া মহকুমার ভাটিখাইন গ্রামে ১৯৪৫ সালের ২৮ মে। পড়াশোনা করেছেন ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউট, কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম আইন কলেজে। কর্মজীবনের শুরুতে ছিলেন প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা। পরবর্তীতে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে নতুন কর্মজীবন শুরু করেন ১৯৮৬ সালে।
আইনজীবী হিসেবে দীর্ঘ প্রায় ৪০ বছরের কর্মজীবনে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য নিজেকে নিবেদিত করেন।
২০২৫ সালের ১৩ আগস্ট তাঁর মহাপ্রয়াণ ঘটে।


