
নিউ ইয়র্ক প্রতিনিধি
বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী, সাহিত্যিক ও আলোকচিত্রীদের নিয়ে গত ২ মার্চ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় সমাপ্ত হয়েছে ‘এলএ স্টুডিও আর্ট-১৪ রেসিডেন্সি প্রোগ্রাম’। এলএ স্টুডিও’র আয়োজিত প্রোগ্রামে আমন্ত্রিত শিল্পী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন শিল্পী ফারজানা ইয়াসমিন।
ফারজানা ইয়াসমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ‘ড্রইং অ্যান্ড পেইন্টিং’ বিষয়ে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি নেন। তিনি বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে সুইডেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেপাল, ভুটান ও ভারতে একক/গ্রুপ আর্ট এক্সিবিশন, আর্ট ক্যাম্প, ওপেন স্টুডিও, আর্টিস্ট টক, আর্টিস্ট রেসিডেন্সিসহ নানা শৈল্পিক কার্যক্রমে অংশ নিয়েছেন।
ফারজানা ইয়াসমিনের শিল্পকর্মগুলোতে সব সময়ই টেক্সচার ও প্রাণবন্ত রঙের ব্যবহার প্রকৃতির বিমূর্ত সৌন্দর্যকে উদ্ভাসিত করে। তবে এখানে শিল্পী রঙ ও টেক্সচারের সঙ্গে পারিপার্শ্বিক পরিবেশের সমন্বয় ঘটিয়েছেন। স্থানীয় বিভিন্ন উপাদান, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে গভীর অনুভূতিতে একাত্ম হয়ে তিনি বিমূর্ততায় ও রঙের মূর্ছনায় ক্যানভাসে যে আবহ সৃষ্টি করেছে,ন তা দর্শককে এক কাব্যময় জগতে নিয়ে যায়।
ওপেন স্টুডিও সেশনে শিল্পী তার শিল্পকর্মের প্রসেস, টেকনিকসহ নানা বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন ও উপস্থিত দর্শকদের সাথে এলএ স্টুডিওতে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া তিনি সেখানে টেক্সচার্ড এাক্রেলিক পেইন্টিং-এর ওপর একটি আর্ট ক্লাশ পরিচালনা করেন।
প্রোগ্রামের সমন্বয়কারী ও পরিচালক ক্যাটে লা সটা এবং ডেভিড শিল্পী ফারজানা ইয়াসমিনের কাজের প্রশংসা করেন। তার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, শিল্পীর কাজে রঙ ও টেক্সচারের স্বতন্ত্র ব্যবহার তার শিল্পকর্মের স্বকীয়তা ও নান্দনিকতায় এক নতুন মাত্রা এনেছে, যা আমাদের ও এখানকার দর্শকদের আকর্ষণ করেছে। আমরা চাই, তিনি আবারও আসবেন এবং তার পেইন্টিং টেক্সচারের বিভিন্ন টেকনিকের ওপর ক্লাস পরিচালনা করবেন। আমরা তার কাজের নান্দনিক রঙ ও টেক্সচারের ব্যবহার পদ্ধতি শিখতে আগ্রহী। গত ১৬ মার্চ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শিল্পের এই বিশেষ আয়োজনের সমাপ্তি হয়।


