পানামারব পতাকাবাহী এমভি ইউয়ান জিয়াং ফা ঝং জাহাজটি এবার দুবাই করাচি চট্টগ্রাম রুটে গতবারের চেয়ে ৫৫ শতাংশ বেশি পণ্য নিয়ে আসছে । আগামী ২০ ডিসেম্বর ৮২৫ টিইইউএস (২০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার একক) কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে জাহাজটির। প্রথমবার জাহাজটি নিয়ে এসেছিল ৩৭০ টিইইউএস কনটেইনার। ওই হিসাবে এবার দ্বিগুণ পণ্য নিয়ে আসবে এমন তথ্য জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের তথ্য থেকে জানা যায়, দুবাই থেকে পাকিস্তানের করাচি বন্দর হয়ে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ চালু হয় চলতি বছরের ১৪ নভেম্বর। প্রথমবার ৩৭০ টিইইউএস কনটেইনার পণ্য আনা হয়। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ টিইইউএস, বাকিগুলো ৭৩ টিইইউএস কনটেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে। এবারের জাহাজটিতে ৮২৫ টিইইউএস কনটেইনার পণ্য রয়েছে। এসব কনটেইনার নামিয়ে অন্তত ১২০০ টিইইউএস কনটেইনার নেওয়ার পরিকল্পনা রয়েছে জাহাজটির।


