“সাহিত্যের আলোয় বহু সংস্কৃতি : সৃজনে উৎসবে বৈচিত্র্যের ঐকতান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৮ ডিসেম্বর) খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দিনব্যাপী ‘সাহিত্য উৎসব ও গিরিধারা সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি করে খাগড়াছড়ি জেলা সাহিত্য পরিষদ।
প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ সময় পরিষদ প্রকাশিত ‘গিরিধারা’ ম্যাগাজিনের নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রফেসর বোধি সত্ত্ব দেওয়ান। প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
তিনি বলেন, সাহিত্য উৎসব পাহাড়ি সংস্কৃতির ঐক্যের প্রতীক। সাহিত্য আমাদের বহুমাত্রিক পরিচয়কে একত্রিত করে এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতা জাগ্রত করে।
প্রধান আলোচক ছিলেন কবি, ও সাহিত্যিক হাফিজ রশিদ খান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক ইউসুফ আদনান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পারভীন আক্তার ও নুরুল ইসলাম টুকু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দীনময় রোয়াজা, পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, জয়া ত্রিপুরা, শহিদুল ইসলাম সুমন এবং সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ক্রোহ্লা মং।
উৎসবে পাহাড়ি সাহিত্য ও সংস্কৃতির বিকাশে অবদান রাখায় পাঁচ বিশিষ্টজনকে সন্মাননা জানানো হয়।
পরে এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়।অনুষ্ঠানে পরিবেশিত গানের মোহনীয় মন মাতানো ছন্দে ও সুরের মূর্ছনায় আর নৃত্যের ঝংকারে মুগ্ধ দর্শকেরা বুঁদ হয়ে ছিলেন প্রায় তিন ঘণ্টা।


