প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির বলেছেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। সকল ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে পেশীশক্তিমুক্ত ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। গতকাল (১৪ ডিসেম্বর) রবিবার সন্ধ্যায় নগরীর নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলম। বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ মনজুর আলম বলেন, দেশপ্রেম জাগ্রত করে জুলাই ২৪ বিপ্লবের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, টিসিজেএ সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম, হারুন উর রশিদ, ইমরান হোসেন ইমু, মোঃ নবাব মিয়া। আলোচনা সভায় টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, অর্থ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ নুর হাসিব ইফরাজ, রবিউল হোসেন টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


