মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন ডেনমার্ক এক আনন্দঘন প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে উনিশে ডিসেম্বর, রোজ শুক্রবার।টুর্নামেন্টে ডেনমার্কের বিভিন্ন শহরে বসবাস রত প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে, যা এই আয়োজনকে এক অনন্য মিলনমেলায় পরিনত করে।
এই প্রতিযোগীতায় কোপেনহেগেনের নিকটবর্তি বিভিন্ন শহর থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ১০ জন করে মোট ৮০ জন বাংলাদেশি ফুটবল খেলোয়াড় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলাধুলার মাধ্যমে প্রবাসে বিজয়ের আনন্দ ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের সম্মানিত সদস্য ও ডেনমার্কের বায়তুল মোকাররম মসজিদের খতিব জনাব অজিউল্লাহ সাহেব মরহুম ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়l
এরপর বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের সভাপতি জনাব ওমর ফারুক তার স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি মহান বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, “খেলাধুলা আমাদের ঐক্যের প্রতীক। প্রবাসে থেকেও আমরা যেন দেশের প্রতি ভালোবাসা ও জাতীয় চেতনাকে ধরে রাখতে পারি—এই টুর্নামেন্ট সেই প্রচেষ্টারই অংশ।”
পরে সংগঠনের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন তালুকদার টুর্নামেন্টের নিয়ম-কানুন ও খেলাধুলার ধাপ সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু সুস্পষ্ট ব্যাখ্যা দেন। এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত বিজয় দিবস ইনডোর ফুটবল টুর্নামেন্ট।
টুর্নামেন্টটি দুটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিটি গ্রুপে চারটি করে দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচই ছিল উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দর্শকদের করতালি ও উৎসাহ-উল্লাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপ থেকে একটি করে দল ফাইনালে ওঠে—আলী একাদশ ও জুনায়েদ অমি একাদশ।
ফাইনাল ম্যাচটি ছিল টুর্নামেন্টের সবচেয়ে রোমাঞ্চকর পর্ব। দুই দলের খেলোয়াড়রা দক্ষতা, কৌশল ও দলগত সমন্বয়ের মাধ্যমে দর্শকদের উপহার দেন এক মনোমুগ্ধকর লড়াই। শেষ পর্যন্ত আলী একাদশ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং অমি একাদশ রানারআপ হয়।
খেলা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন ডেনমার্কের সভাপতি জনাব ওমর ফারুক ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের জন্য আরও সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “প্রবাসে থেকেও আমরা একসাথে আনন্দ ভাগাভাগি করতে চাই—এই ঐক্যই আমাদের শক্তি।”
এরপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সম্মানিত সদস্যবৃন্দ—নিহাদ শাম, এহতেশাম রেজা, খোরশেদ আলম, মামুন শেখ, মাইনুদ্দিন, নূর মোহাম্মদ, সুমন, তানভীর সাহেব এবং উপদেষ্টা পরিষদের সদস্য রফিক উদ্দিন সিদ্দিকী, হায়দার হোসেন প্রমুখ।
পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন ও দোয়া মোনাজাতের মাধ্যমে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।
ডেনমার্কে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শহীদুল ইসলাম টিপু, কোপেনহেগেন, ডেনমার্ক


