ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে রাষ্ট্রদূত জনাব এ. কে. এম. শহীদুল করিম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে সন্ধ্যায় এক বর্ণাঢ্য আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডেনমার্কের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোঃ ওমর ফারুক, জনাব মশিউর রহমান সোহেল, জনাব রাকিবুল ইসলাম, জনাব বদিউজ্জামান শেখ মামুন, জনাব সারোয়ার খান, জনাব জিয়া হাসান, জনাব আরিফ তালুকদার, জনাব বেলায়েত হোসেন বাবুল, জনাব কামরুল ইসলাম, জনাব শামসুল চৌধুরী, জনাব মেহেদী হাসান তালহা,
রাষ্ট্রদূত জনাব এ. কে. এম. শহীদুল করিম তাঁর বক্তব্যে উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান এবং অকুতোভয় বাঙালি জাতির বীরত্বগাথার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭১ সালে যেমন বাঙালি জাতিকে দমিয়ে রাখা যায়নি, তেমনি বর্তমান ও ভবিষ্যতেও বাংলাদেশের অগ্রগতিকে ঠেকানো অসম্ভব। তিনি বিজয়ের ৫৪ বছর পূর্তিতে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এরপর মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জনাব রাকিবুল ইসলাম আজহারী বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনাব ওমর ফারুক এবং কবিতা আবৃত্তি করেন জাহেদ জয় এবং শিশু শিল্পী নাবিহা নূর, নাবিবা নূর শেখ, রামিসা, নৌমি ও আলবিনা। পরে রাষ্ট্রদূত তাঁদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিজয়ের আনন্দে উদ্বেলিত বাংলাদেশের শান্তিপ্রিয় প্রবাসী নাগরিকদের উচ্ছ্বাস ও আবেগ অনুষ্ঠানজুড়ে ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর জনাব তন্ময় মজুমদার।


